৯৯৯-এ কল দিয়ে উদ্ধার হলো ৫০ বস্তা চাল, আটক ৬

জরুরি সেবা ৯৯৯‘জাতীয় জরুরি সেবা’ ৯৯৯ নম্বরে কল পেয়ে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির (ওএমএস) ৩০ কেজি ওজনের ৫০ বস্তা চাল উদ্ধার করছে সিলেটের কানাইঘাট থানার পুলিশ। এই ঘটনায় জড়িত ছয় ব্যক্তিকে আটক করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে জাতীয় জরুরি সেবার অতিরিক্ত ডিআইজি তবারক উল্লাহ বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

তিনি বলেন, ‘সকাল ১০টায় বাংলাদেশ পুলিশ পরিচালিত জাতীয় জরুরি সেবা নম্বরে কানাইঘাট থানাধীন কালিগঞ্জ বাজার থেকে এক ব্যক্তি ফোন করে জানান কিছু লোক সরকারি ত্রাণের চাল চুরি করে ট্রাকে করে নিয়ে যাচ্ছে। ৯৯৯ তাৎক্ষণিকভাবে কলারের সঙ্গে কানাইঘাট থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেন।’

সংবাদ পেয়ে কানাইঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে কানাঘাট থানার ওসি জানান ঘটনাস্থল হতে সরকারি ‘খাদ্য বান্ধব কর্মসূচির’ ১৫০০ কেজি চাল বোঝাই একটি ট্রাক আটক করা হয় এবং চাল পাচারের অভিযোগে জকিগঞ্জ এলাকার জয়নালসহ (২৭) আরও পাঁচ ব্যক্তিকে আটক করা হয়।