দুই মাদক কারবারি রিমান্ডে

রিমান্ডরাজধানীর মিরপুরের দিয়াবাড়ী এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতারকৃত দুই মাদক কারবারির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার ( ৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভুঁইয়া শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্তরা হলেন মিজান মিয়া ও আশরাফুল আলম
এদিন দুপুরে শাহআলী থানায় মাদক আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করে সংশ্লিষ্ট থানা পুলিশ। শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোকবুল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (৬ জুন) ভোরে র‌্যাব-৪ এর উপ-অধিনায়ক মেজর মো. রকিবুল হাসান এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজলের নেতৃত্বে একটি দল রাজধানীর দারুস সালাম থানাধীন দিয়াবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৫৯ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজা উদ্ধার হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। ওই ঘটনায় পরবর্তীতে তাদের বিরুদ্ধে শাহ আলী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়।