গাইবান্ধা আইনজীবী সমিতির জারি করা নোটিশ হাইকোর্টে স্থগিত

হাইকোর্টভার্চুয়াল কোর্টে মামলা পরিচালনা করার কারণে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ১৭ আইনজীবীকে সদস্যপদ হতে স্থায়ীভাবে বহিষ্কার করা নিয়ে গাইবান্ধা আইনজীবী সমিতির জারি করা নোটিশের কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে ওই আইনজীবীদের পেশা পরিচালনা করতে কোনও বাধা রইলো না বলে জানিয়েছেন আইনজীবীরা। ঘটনাটি আদালতের নজরে আনার পর রবিবার (৭ জুন) বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। ঘটনাটি আদালতের নজরে আনেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে গত ১৭ মে গাইবান্ধা জেলা আইনজীবী সমিতির এক জরুরি সাধারণ সভায় আপাতত ভার্চুয়াল কোর্টের সকল কার্যক্রম হতে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু কিছু আইনজীবী সে সিদ্ধান্ত না মেনে ভার্চুয়াল কোর্টে মামলা পরিচালনা করেন। ভার্চুয়াল কোর্টে মামলা পরিচালনা করায় ১৭ জন আইনজীবীকে বহিষ্কারের বিষয়ে গত ২ জুন একটি নোটিশ জারি করে গাইবান্ধা জেলা আইনজীবী সমিতি।
এই ১৭ আইনজীবী হলেন, পিযুষ কান্তি পাল, এস এম মাজহারুল ইসলাম সোহেল, মো. শাহনেওয়াজ খান, মো. নওশাদুজ্জামান, মো. সরওয়ার হোসেন বাবুল, মো. মঞ্জুর মোর্শেদ বাবু, মো. রেজওয়ানুল হক মন্ডল, মো. আশরাফ আলী, বেগম বদরুন্নাহার, নিরঞ্জন কুমার ঘোষ, মো. আব্দুস সালাম, জি এম মুরাদ হাসান, মো. মোস্তাফিজুর রহমান, মো. মুরাদজ্জামান রব্বানী, মো. আব্দুর রশীদ, খন্দকার মঞ্জুরুল করিম সোহেল ও মো. জাহাঙ্গীর আলম সরকার জিন্নাহ।