জামিন পাননি ডেসটিনি গ্রুপের পরিচালক দিদারুল আলম

ভার্চুয়াল আদালতদুর্নীতির মামলায় ডেসটিনি গ্রুপের পরিচালক দিদারুল আলমকে জামিন দেননি হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ। জামিন আবেদনের ওপর শুনানি শেষে মামলাটি নিয়মিত বেঞ্চে পঠিয়েছে। আদালত খোলার এক সপ্তাহ পর অথবা নিয়মিত কোর্ট না খুললে ৩০ দিন পর মামলার জামিন আবেদনের ওপর পুনঃশুনানি হবে বলেও আদেশ দিয়েছেন আদালত। 

দিদারুল আলমের জামিন আবেদনের শুনানি নিয়ে সোমবার (৮ জুন) বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্টের ভার্চুয়াল  বেঞ্চ এসব আদেশ দেন।

জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও ব্যারিস্টার মইনুল হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল কাজী শামসুন নাহার কনা। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান ও এম এ আজিজ খান। 

মামলার বিবরণী থেকে জানা গেছে, ডেসটিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড ও ডেসটিনি ট্রি প্ল্যানটেশনের বিরুদ্ধে আর্থিক অর্থবছর ২০০৯-১০ থেকে ২০১৩ সালের ৩১ মার্চ পর্যন্ত একহাজার ১৭৮ কোটি ৬১ লাখ টাকা স্থানান্তর ও হস্তান্তরের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অভিযোগ তোলে দুদক। এরপর দুদক ২২ জনকে আসামি করে ২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় মামলা করেন করে। মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ আদালত- ৪ এ বিচারাধীন। দিদারুল আলম এ মামলায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিও প্রদান করেছেন।