নকল স্যানিটাইজার বিক্রি, ৪ দোকানকে আড়াই লাখ টাকা জরিমানা

1নকল ও অনুমোদনহীন স্যানিটাইজার বিক্রির অভিযোগে রাজধানীর নিউমার্কেট এলাকার চারটি দোকানকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব-৪ এর সহযোগিতায় এই অভিযান চালানো হয়। অভিযানে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যমানের নকল ও অনুমোদনহীন স্যানিটাইজার জব্দ করা হয়েছে। র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বিষয়টি নিশ্চিত করেছেন।
র‌্যাব কর্মকর্তারা জানান, কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতে কিছু অসাধু ব্যবসায়ী নকল স্যানিটাইজার, লিকুইড অ্যান্টিসেপটিক বাজারজাত করে বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে নিউমার্কেট এলাকায় অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এবং সহকারী পুলিশ সুপার রিফাত বাশার তালুকদারের নেতৃত্বে নিউ সুপার মার্কেটের মেসার্স জননী হার্ডওয়ার স্টোর, খায়ের হার্ডওয়ার স্টোর, কুমিল্লা হার্ডওয়ার স্টোর ও হক অ্যান্ড ব্রাদার্স নামে চারটি দোকানে অভিযান চালানো হয়। এসময় নকল ও অনুমোদনহীন স্যানিটাইজার বিশেষ করে এসিআই কোম্পানির স্যাভলনের নকল পণ্য স্যাভরন বিক্রির অপরাধে মেসার্স জননী হার্ডওয়ার স্টোরের মালিক আকতার হোসেনকে ৫০ হাজার টাকা, খায়ের হার্ডওয়ার স্টোরের মালিক আবুল খায়েরকে ১ লাখ টাকা, কুমিল্লা হার্ডওয়ার স্টোরের মালিক আবুল কালামকে ৫০ হাজার টাক এবং হক অ্যান্ড ব্রাদার্সের মালিক মোশারফ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চারটি দোকান থেকে আনুমানিক ৫ লাখ টাকা মূল্যমানের নকল স্যাভলন জব্দ করা হয়।