চিকিৎসা না দিয়ে রোগী ফেরতের ঘটনায় রিটের আদেশ সোমবার

ভার্চুয়াল আদালতকরোনা পরিস্থিতির মধ্যেও হাসপাতাল-ক্লিনিকে আসা সাধারণ রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে সরকারি নির্দেশনার বাস্তবায়ন চেয়ে করা রিটের ওপর আগামীকাল সোমবার (১৫) আদেশের দিন ধার্য করেছেন হাইকোর্ট।  

রবিবার (১৪ জুন) বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারী আইনজীবী এএম জামিউল হক, নাজমুল হুদা, মোহাম্মাদ মেহেদী হাসান এবং ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। 

এর আগে শনিবার (১৩ জুন) করোনা পরিস্থিতির মধ্যে সাধারণ রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে সরকারি নির্দেশনার বাস্তবায়ন চেয়ে হাইকোর্টে রিট করা হয়। এছাড়াও রিটে সরকারি নির্দেশনা না মেনে করোনা পরিস্থিতির মধ্যে সাধারণ রোগীদের চিকিৎসা না দিয়ে ফেরত পাঠানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তা জানতে চাওয়া হয়।

সুপ্রিম কোর্টের চার আইনজীবী জনস্বার্থে এই রিট করেন। তারা হলেন, অ্যাডভোকেট এএম জামিউল হক, নাজমুল হুদা, মোহাম্মাদ মেহেদী হাসান এবং ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।

রিটে সরকারের নির্দেশনা সত্ত্বেও কেন সাধারণ রোগীদের চিকিৎসা ছাড়াই ফেরত পাঠানো হয়েছে, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়। এছাড়াও ওই নির্দেশনা বাস্তবায়নে বিবাদীর ব্যর্থতা কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়। রুল শুনানিকালে সরকারের নির্দেশনা মেনে সব হাসপাতাল-ক্লিনিকে সাধারণ রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে বলা হয়। পাশাপাশি এখন পর্যন্ত ওই নির্দেশনা ভঙ্গের অভিযোগে জড়িতের বিরুদ্ধে কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, রিটে তাও জানতে চাওয়া হয়।

রিটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সচিব, অতিরিক্ত সচিব (হাসপাতাল) এবং উপসচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও পরিচালককে বিবাদী করা হয়।