ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত চেয়ে রিট

ওয়াসা



সেবার মান না বাড়িয়ে গত ১ এপ্রিল থেকে ওয়াসার পানির দাম ২৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

সোমবার (১৫ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ জনস্বার্থে রিটটি দায়ের করেন। তিনি বলেন, রিট আবেদনটির ওপর বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে শুনানি হবে। রিটে পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এর আগে ১ এপ্রিল ঢাকা ওয়াসা আবাসিক গ্রাহকদের পানির বিল ২৫ শতাংশ বৃদ্ধি করে। আর বাণিজ্যিক গ্রাহকের বিল প্রায় ৮ শতাংশ বৃদ্ধি করা হয়। নতুন মূল্যহার অনুযায়ী প্রতি হাজার লিটার পানির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪ টাকা ৪৬ পয়সা, যা আগে ছিল ১১ টাকা ৫৭ পয়সা। আর বাণিজ্যিকে প্রতি হাজার লিটারে ৩৭ টাকা ৪ পয়সা থেকে বাড়িয়ে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।