সমাজের অনানুষ্ঠানিক শ্রমজীবীদের অধিকার ও আইনগত সুরক্ষা নিশ্চিত করতে শ্রম আইনের সংশোধন প্রয়োজন রয়েছে বলে মত দিয়েছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দার। বৃহস্পতিবার (২৫ জুন) একাডেমি অব ল’ অ্যান্ড পলিসির (আলাপ) উদ্যোগের লিগ্যাল ওয়েবিনার সিরিজের তৃতীয় পর্বে আয়োজিত আলোচনায় অংশ নিয়ে বিচারপতি তার মতামত তুলে ধরেন। করোনা সংক্রমণকালীন সময়ে শ্রমিক ও মালিকপক্ষের অধিকার শীর্ষক এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়।
আলোচনায় করোনাকালীন সময়ের সঙ্গে প্রাসঙ্গিক শ্রম আইনের বেশ কিছু ধারার উল্লেখ করে তা বর্ণনা করেন বিচারপতি মীর্জা হোসেইন হায়দার। তিনি বলেন, সামাজিক অনুশীলনগুলোকেই মূলত আইনে বর্ণনা করা হয়ে থাকে। অথচ শ্রম আইনে কৃষক, মিস্ত্রী কিংবা হকারদের মতো অনানুষ্ঠানিক শ্রমজীবীদের জন্য কোনও সুরক্ষার বিধান রাখা হয়নি। তাই আইনে অনানুষ্ঠানিক শ্রমজীবীদের অধিকারের বিষয়গুলো তুলে আনার প্রয়োজনীয়তা রয়ে গেছে। শ্রম আইনের ৩২৪ ধারা বলে সরকারকে ক্ষমতা দেয়া হয়েছে, শ্রমজীবী ও মালিক পক্ষের জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারি করার।
অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রেশাদ ইমাম। এসময় আরও মতামত তুলে ধরেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ও বিজিএমইএ’র পরিচালক আসিফ ইবরাহিম। আর ওয়েবিনার পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম।