তিনি বলেন, ‘ব্যারিস্টার সৌমিত্র সরদার নামে একজন আইনজীবী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় আসামি হলেন দৈনিক ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দীন ও প্রতিবেদক সেলিম সরকার।’
গত ২৬ জুন ইনকিলাবের অনলাইন সংস্করণে প্রকাশিত ‘এইচ টি ইমামকে সরিয়ে দিন’ শীর্ষক রিপোর্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, জাতীয় সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ ও সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের সম্পর্কে চরম আক্রমণাত্মক, মিথ্যা, বিকৃত ও মানহানিকর তথ্য প্রদান করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ্য করেন বাদী সৌমিত্র সরকার। এজাহারে আরও বলা হয়, ওই রিপোর্টের মূল উদ্দেশ্য হচ্ছে দেশে-বিদেশে আওয়ামী লীগ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে দেশের অভ্যন্তরে একটা নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি করা।
এতে আর বলা হয়, ওই প্রতিবেদনের মন্তব্যগুলো ঔদ্ধত্যপূর্ণ, মিথ্যা, অপমানজনক, বিকৃত, মানহানিকর ও আক্রমণাত্মক। তথ্যগুলো মিথ্যা বলে জানা সত্ত্বেও বিবাদীরা সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অংশ হিসেবে তা প্রচার করছে। ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞা ও মেধা নিয়ে প্রশ্ন তুলে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। ফলে ন্যায় বিচারের স্বার্থে বিবাদীদ্বয়ের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে’ বলে এজাহারে উল্লেখ করা হয়।