প্রণোদনা পেতে সাজলেন করোনা রোগী: রিমান্ড শেষে কারাগারে

কারাগারসরকারি প্রণোদনা পাওয়ার জন্য করোনার জাল সনদ তৈরি করে রোগী সাজার অভিযোগে গ্রেফতার হওয়া রাজধানীর রেলওয়ে জেনারেল হাসপাতালের কর্মচারী কুতুবে রাব্বানীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম রিমান্ড শেষে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

আদালতের মুগদা থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক ইউসুফ হোসেন এই তথ্য নিশ্চিত করেন। আসামি রাব্বানীকে একদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, সোমবার (২৯ জুন) ওই ব্যক্তির একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রবিবার (২৮ জুন) বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত রেলওয়ে কর্মচারী হাসপাতালসহ তার বাসায় অভিযান চালিয়ে রাব্বানীকে করোনা পজিটিভের জাল সনদসহ আটক করা হয়। ওই ঘটনায় তার বিরুদ্ধে মুগদা থানায় একটি মামলা হয়।

জানা যায়, করোনায় আক্রান্ত হলেই পাওয়া যাবে সরকারি প্রণোদনার টাকা। আর সেই টাকার লোভে পড়ে করোনা রোগীর সনদ নিয়েছিলেন রেলওয়ে জেনারেল হাসপাতালের কর্মচারী কুতুবে রাব্বানী।