যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট) এ রাখা হয়েছে।
ডা. মীর জামাল বলেন, তিনি মোটামুটি আছেন, তবে তার মাল্টিপল সমস্যা রয়েছে। তার হৃৎপিণ্ডে ভাল্ব লাগানো হয়েছে, রয়েছে ‘রিদম ডিস্টার্বনেস’। তার চিকিৎসায় ১৫ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম জানান, সম্রাটের অবস্থার অবনতি হলে বিএসএমএমইউ কর্তৃপক্ষ রবিবার তাকে হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করেছে। তিনি এখন ওখানেই চিকিৎসাধীন আছেন।
ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগের সাবেক সভাপতি সম্রাট ক্যাসিনো মামলায় ২০১৯ সালের ৬ অক্টোবর গ্রেফতার হন। এরপর তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।