ক্যাসিনো কাণ্ডের অন্যতম হোতা এনু-রূপনের জামিন প্রশ্নে রুল

এনামুল হক এনু ও রুপন ভূঁইয়াজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ক্যা‌সি‌নো কা‌ণ্ডের অন্যতম হোতা ‌গেন্ডা‌রিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সহ-সভাপ‌তি এনামুল হক এনু ও যুগ্ম সম্পাদক রূপন ভূঁইয়াকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক। আর দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর দুই ভাই এনু-রূপনের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে টাকা ও গহনা জব্দ করার পর ওয়ান্ডারার্স ক্লাবের কর্মচারী আবুল কালাম ও এনুর বন্ধু হারুন অর রশিদের বাসায় অভিযান চালানো হয়। ওই অভিযানে ৫ কোটি ৫ লাখ টাকা, ৮ কেজি স্বর্ণালংকার ও ৬টি আগ্নেয়াস্ত্র জব্দ করে র‌্যাব।
এরপর দুদক তাদের সম্পদের বিষয়ে অনুসন্ধান চালায়। অনুসন্ধান শেষে গত বছর ২৩ অক্টোবর ৩৫ কোটি টকা জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এই দুজনের বিরুদ্ধে মামলা করে দুদক।  
গত ১৫ জুন পৃথক মামলায় এ দুই ভাইয়ের জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন ঢাকার মহানগর সি‌নিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কা‌য়েশ। এরপর তারা হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।