ভবন থেকে পরে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়ায় ৩ তালা ভবনের ছাদ থেকে নিচে পড়ে একটি গৃহকর্মীর মৃত্যু হয়েছে। ওই গৃহকর্মীর নাম রোকেয়া (১৮)। রবিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে সাতটায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সকাল সাড়ে আটটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন গৃহকর্তা জহিরুল ইসলাম। কর্তব্যরত চিকিৎসক রোকেয়াকে মৃত ঘোষণা করে।
জহিরুল ইসলাম বলেন, রোকেয়া আমাদের বাসায় দেড় বছর যাবত কাজ করে। সকালে আমরা সবাই ঘুমিয়ে ছিলাম তবে তার মায়ের সঙ্গে ফোনালাপ শুনতে পাই। এর কিছুক্ষণ পরে সে ছাদে যায়। পরে আশেপাশের লোকজনের হইচই শব্দ শুনতে পেয়ে নীচে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে রোকেয়া। তাকে উদ্ধার করে মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ছাদের পাশের নিম গাছ ছিল। হয়তো নিমপাতা নিতে গিয়েই অসাবধানতাবশত ছাদের ওপর থেকে নিচে পড়ে যায়।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। মৃত রোকেয়া ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার বাসিন্দা।