সোমবার (২ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ দিন ধার্য করেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
সূত্র জানায়, সোমবার সকালে জিকে শামীমকে আদালতে হাজির করা হয়। তবে অন্য আসামিদের আদালতে হাজির করতে না পারায় আদালত অভিযোগ গঠন শুনানির জন্য দিন পিছিয়ে দেন।
গত ৫ অক্টোবর ঢাকা মহানগর আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ অভিযোগপত্র গ্রহণ করে অভিযোগ গঠন শুনানির জন্য ২ নভেম্বর দিন ধার্য করেন। একইসঙ্গে মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-১০ এ বদলির আদেশ দেন।
এর আগে গত ৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সাঈদ তদন্ত শেষে আদালতে জিকে শামীম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
গত বছরের ২৬ সেপ্টেম্বর জিকে শামীম ও তার সাত দেহরক্ষীকে গুলশান থানার মানি লন্ডারিং মামলায় গ্রেফতার দেখানোর আবেদনে করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সাঈদ। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তাদের দেহরক্ষীকে মানি লন্ডারিং মামলায় গ্রেফতার দেখান।
শামীমের সাত দেহরক্ষী হলেন—দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, সহিদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।
মামলার অভিযোগ থেকে জানা যায়, শামীম তার দেহরক্ষীদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে নিজ নামে লাইসেন্স করা অস্ত্র প্রকাশ্যে বহন, প্রদর্শন ও ব্যবহার করে লোকজনের মধ্যে ভীতি সৃষ্টি করে আসছিলেন। বিভিন্ন ধরনের টেন্ডারবাজি, মাদক ও জুয়ার ব্যবসাসহ স্থানীয় টার্মিনাল, গরুর হাট-বাজারে চাঁদাবাজি করে নামে-বেনামে বিপুল পরিমাণ অবৈধ অর্থের মালিক হয়েছেন। একইসঙ্গে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ওই ঘটনায় গত গত বছরের ২১ সেপ্টেম্বর গুলশান থানায় মামলাটি দায়ের করে র্যাব।