কুমিল্লার দাউদকান্দি সিঙ্গুলা এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’-এর এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। তার নাম ওমর ফয়সাল (২৯)।
বুধবার (৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন এটিইউ পুলিশ সুপার আসলাম খান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আসলাম খান বলেন, ওমর ফয়সাল খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। ওমর ফয়সাল ২০১৬ সালে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) থেকে ত্রিপল-ই বিষয়ে অনার্স কোর্স শেষ করেন। তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট, একটি বাটন মোবাইল সেট এবং হিযবুত তাহরীর প্রণীত ইসলামী খিলাফত সরকারের পররাষ্ট্রনীতির মডেল, ইসলামী খিলাফত সরকারের শিল্পায়নের মডেল, ইসলামী খিলাফত সরকারের অর্থনৈতিক মডেল, ইসলামের রাজনৈতিক চিন্তা বই উদ্ধার করে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।