ভূমি আপিল বোর্ড গঠনের দুটি বিধি অবৈধ ঘোষণা

হাইকোর্টভূমি আপিল বোর্ড গঠন সংক্রান্ত বিধিমালা ১৯৯০ এর ৩(২) ও ৩(৩) বিধি অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে সোমবার (৯ নভেম্বর) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. হুমায়ন কবির।
পরে ওই আইনজীবী বলেন, ভূমি আপিল বোর্ডের মূল আইনে বলা হয়েছে, ভূমি আপিল বোর্ড তিন সদস্যের সমন্বয়ে গঠিত হবে। তারা একসঙ্গে জমি সংক্রান্ত আপিল রিভিউ এবং রিভিশন নিষ্পত্তি করবেন। কিন্তু ভূমি আপিল বোর্ডের ১৯৯০ এর ৩(২) ও ৩(৩) বিধিতে রিভিউ এবং রিভিশন বোর্ডের প্রত্যেক সদস্যের কথা আলাদা আলাদা শোনার কথা বলা হয়েছে। যা মূল আইনের পরিপন্থী। এ কারণে আদালত উপরোক্ত দুটি ধারা অবৈধ ঘোষণা করেছেন।
প্রসঙ্গত, এর আগে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ২০১৬ সালের নভেম্বরে ভূমি আপিল বোর্ড গঠন সংক্রান্ত বিধিমালা ১৯৯০ এর ৩(২) ও ৩(৩) ধারা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। দীর্ঘদিন পর সে রুলের চূড়ান্ত শুনানি শেষে রায় ঘোষণা করলেন হাইকোর্ট।