মিরপুরে দলবদ্ধ ধর্ষণ: চার তরুণের স্বীকারোক্তি

আদালতরাজধানীর মিরপুর এলাকায় এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে চার তরুণ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) তারা আদালতে জবানবন্দি দেয় বলে নিশ্চিত করেছেন আদালত সূত্র।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদের আদালতে আসামি ইমরান, জয় মিয়া, আল আমিন এবং ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে আসামি আবু সাঈদের জবানবন্দি রেকর্ড করা হয়। একই মামলায় গ্রেফতার অন্য দুই আসামি রায়হান ওরফে নাঈম ও ইমন হোসেনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আদালত সূত্র জানায়, আসামিদের আদালতে হাজির করা হলে তারা স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন জানান। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। অন্যদিকে আসামি রায়হান ওরফে নাঈম ও ইমন হোসেনের সাত দিন করে রিমান্ডের আবেদন করলে আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, বুধবার (১৮ নভেম্বর) রাতে কল্যাণপুর হাউজ বিল্ডিং অফিসের পেছনে এক তরুণী ধর্ষণের শিকার হয় বলে থানায় নিজে অভিযোগ করেন। পরে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে মিরপুর থেকে ছয় তরুণকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানার পুলিশ।