কোকেনসহ গ্রেফতার স্পেনের নাগরিককে মামলা থেকে অব্যাহতি

আদালতহযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কেজি কোকেনসহ গ্রেফতার স্পেনের নাগরিক চিয়াস এসপিজো জুলিয়ানকে মামলা থেকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে স্পেন দূতাবাসের একজন কর্মকর্তাকে কারাফটক থেকে তাকে বুঝে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে। রবিবার (৬ ডিসেম্বর) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক তেহসিন ইফতেখার এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মামলাটি পরিচালনা না করার একটি সিদ্ধান্ত হয়। এ সংক্রান্ত একটি প্রতিবেদন আদালতে দাখিল করে মন্ত্রণালয়। এই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

জানা যায়, ২০১৫ সালে স্পেনের ওই নাগরিককে মাদকসহ গ্রেফতার করা হয়। এরপর তার বিরুদ্ধে ১৯৯১ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়।

এদিকে আসামিপক্ষের আইনজীবী এইচএম মাসুম জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলাটি পরিচালনা করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। তাই আদালত এই মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ার আদেশ দিয়েছেন। তাকে আসামিপক্ষের আইনজীবী ও স্পেন দূতাবাসের একজন কর্মকর্তাকে কারাফটক থেকে বুঝে নিতে বিচারক আদেশে উল্লেখ করেছেন।