বিডিনিউজের প্রধান সম্পাদকের জামিন কেন বাতিল করা হবে না

আদালত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঢাকার জজ আদালতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে দেওয়া স্থায়ী জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ১০ দিনের মধ্যে বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

দুদকের আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। 

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

এর আগে গত ২৫ নভেম্বর ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ ইমরুল কায়েশ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর জামিন আবেদন মঞ্জুর করেন। হাইকোর্টের আগাম জামিনের মেয়াদ শেষে গত ২০ অক্টোবর এই আদালত থেকেই তৌফিক ইমরোজ খালিদীকে ২৫ নভেম্বর পর্যন্ত জামিন দেওয়া হয়েছিল। পরে সে জামিন আদেশ স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন জানায় দুদক।

প্রসঙ্গত, গত ৩০ জুলাই দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ ওই মামলা করেন।