১০ লিটার অকটেনে আধা লিটার হাওয়া!

বিএসটিআইরাজধানীতে বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ওজন ও পরিমাণে কারচুপির প্রমাণ পাওয়া গেছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অভিযানে দেখা গেছে, ১০ লিটার অকটেনে আধা লিটারেরও বেশি কম দেওয়া হচ্ছে। অভিযানে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও জরিমানা করেছে বিএসটিআই।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) নগরীর বেইলি রোড, মৌচাক ও নিউ মার্কেট এলাকায় অভিযানের মাধ্যমে এই মামলা ও জরিমানা করা হয়। অভিযানকালে দুটি মামলায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর নিউ মার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত মেসার্স কিউ জে সামদানী ফিলিং স্টেশন পরিমাপে প্রতি ১০ লিটার অকটেনে ৫১০ মিলি ও ২৭০ মিলি, ডিজেলে ৩৭০ মিলি এবং পেট্রোলে ৩৪০ মিলি জ্বালানি তেল কম প্রদান করায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও একই ভ্রাম্যমাণ আদালত নীলক্ষেতের মেসার্স পথের বন্ধু ফিলিং স্টেশনের আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিএসটিআই পরিদর্শক মো. ইনজামামুল হক এবং মো. নাজমুস সায়াদত অংশগ্রহণ করেন। স্কোয়াড অভিযানে বিএসটিআই’র সহকারী পরিচালক মোহাম্মদ লিয়াকত হোসেন ও ঊর্ধ্বতন পরীক্ষক মো. রাকিবুল আলমের নেতৃত্বে পরিদর্শক মো. বিল্লাল হোসেন, মো. আল হাসনাত ও মো. নাজমুস সায়াদত অংশগ্রহণ করেন।