ফুলবাড়ীয়া সুপার মার্কেট-২ এর অবৈধ দোকান অপসারণের চতুর্থ দিনের মতো নকশা বহির্ভুত অবৈধ দোকান উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরশন (ডিএসসিসি)। রবিবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টা থেকে মার্কেটের বেজমেন্টে এ অভিযান শুরু হয়। বেলা দেড়টা পর্যন্ত ৬টির মতো দোকার ভাঙা হয়।
ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান, এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এবং তানজিলা কবির ত্রপার নেতৃত্বে ফুলবাড়ীয়া সুপার মার্কেট-২ এর ব্লক-এ, ব্লক-বি এবং ব্লক-সিতে অভিযান চালানো হয়।
ডিএসসিসি সূত্র জানায়, ফুলবাড়ীয়া সুপার মার্কেট-২ এ অবৈধভাবে নির্মিত ৯১১টি দোকান নির্মাণ করা হয়েছিল। এর আগে গত মঙ্গলবার থেকে এই মার্কেটে অভিযান শুরু করে ডিএসসিসি। বুধ ও বৃহস্পতিবারও অভিযান চলে।
গত তিন দিনের অভিযানে মার্কেটের সামনের ৪ তলা ২টি বিল্ডিং, পেছনের সারির ও মার্কেটের ভেতরের দোকানসহ সবমিলিয়ে ৫ শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। আজ চতুর্থ দিনের অভিযান শুরু হয়েছে।
ডিএসসিসির অঞ্চল-৪ এর নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) হায়দর আলী বলেন, এ মার্কেটে ৯১১টি নকশা বহির্ভূত অবৈধ দোকান রয়েছে। আমরা এখন পর্যন্ত ৫ শতাধিক দোকান উচ্ছেদ করেছি। আগামীকাল সোমবারও (১৩ ডিসেম্বর) অভিযান চলবে। প্রয়োজন হলে অভিযানের সময় আরও বাড়ানো হবে।