রাজধানীর মালিবাগে ডাক্তার গলির একটি বাসার ঢুকে রাবেয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ ডিসেম্বর) ভোর রাতের দিকে ঘটনাটি ঘটে। পরে আহতাবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক আব্দুল খান এ তথ্য জানিয়েছেন।
এএসআই বলেন, ওই গৃহবধূ তারা মালিবাগ ডাক্তার গলির ২২ নম্বর বাসার দোতলায় একটি ফ্ল্যাটে থাকতেন। গৃহবধূর স্বামী শাহাদাত হোসেন কুয়েত প্রবাসী। বাসায় দুই ছেলে ও মেয়ে রয়েছে।
ভোর রাতের দিকে রাবেয়া বেগম হঠাৎ চিৎকার দিয়ে ওঠেন। তার পরিবারের মানুষ তার রুমে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
তার পরিবারের সদস্যরা বলছেন, কে বা কারা কী উদ্দেশ্যে ঘরে ঢুকে ছুরিকাঘাত করেছে তা ধারণা করতে পারছেন না। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে বলে জানান এই পুলিশ সদস্য।