ঢাকা আইনজীবী সমিতির এক আইনজীবীকে দুই ঘণ্টা আটক রাখার অভিযোগে বিচারকের অপসারণের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছেন। আইনজীবীকে আটক রাখার দায়ে অভিযুক্ত বিচারক ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত থাকবে। একইসঙ্গে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে তার অপসারণের বিষয়টি আলোচনা করবেন বলে জানান ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত।
এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ইকবাল হোসেন।
তিনি বলেন, ‘গতকাল আমাদের আইনজীবী সমিতির একজন সদস্যকে ২ ঘণ্টা আটক রাখার অভিযোগে সকাল থেকে আমরা ওই বিচারকের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছি। এরপর মুখ্য মহানগর হাকিম (সিএমএম) তিনি আমাদের সঙ্গে আলাপ-আলোচনা করেছেন। তিনি আমাদের বলছেন, এখন থেকে ওই এজলাসের কার্যক্রম স্থগিত থাকবে। পাশাপাশি ওই বিচারকের অপসারণের বিষয়টি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন। আমরা সিএমএমের এই সিদ্ধান্তের কথায় আপাতত বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছি। তবে আমরা চাই বিষয়টি দ্রুত একটি সিদ্ধান আসুক।’
ভিকটিম আইনজীবী রুবেল আহমেদ ভূঁইয়া বলেন, ‘আমি স্যারকে বারবার বলেছি স্যার আমি তো কোনও অন্যায় করিনি। আমাকে কেন লকআপে ডুকতে হবে। তারপরেও আমাকে জোড় করে দুই ঘণ্টা আটক রাখে। আমি একজন আইনজীবী হিসাবে অপমানিত হয়েছি। এই ঘটনায় সব আইনজীবী অপমানিত হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’