দেশে হামলার কোনও শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

IMG_20201224_180119উগ্রবাদীরা ধর্মীয় বিভিন্ন উৎসবের আগে হামলার জন্য প্রচারণা চালায়। তবে বাংলাদেশে হামলার কোনও শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম। বড়দিন উপলক্ষে নিরাপত্তার কোনও হুমকি নেই বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বড়দিন উপলক্ষে গির্জা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। এ সময় কর্মকর্তারা ছাড়াও কাকরাইল চার্চের ধর্মযাজকরা সেখানে ছিলেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম আরও বলেন, ‘বর্তমান করোনার কারণে বিশেষ পরিস্থিতিতে পালিত হচ্ছে শুভ বড়দিন। রাজধানীতে ৬৬টি গির্জায় অনুষ্ঠিত হবে বড়দিনের আনুষ্ঠানিকতা।’

এই সময় কাকরাইল চার্চের পাল পুরোহিত ফাদার বিমল ফ্রান্সিস গোমেজ বলেন, ‘বড়দিনের প্রার্থনায় বর্তমান করোনা পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণের জন্য সবার সুস্থতা ও শান্তি কামনায় প্রার্থনা করা হবে।’

এ সময় জানানো হয়, এবার রাজধানীর ৬৬টি গির্জায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সাদা পোশাকে পুলিশের তৎপরতা থাকবে।