মানিলন্ডারিং (অর্থপাচার) মামলায় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ কাজী শহিদ ইসলাম পাপুলসহ ৮ জনের বিরুদ্ধে করা মামলা ৫৩টি ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার (২৭ ডিসেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন।
মামলার অন্য আসামিরা হলেন-পাপুলের শ্যালিকা জেসমিন প্রধান, মেয়ে ওয়াফা ইসলাম, ভাই কাজী বদরুল আলম লিটন, পাপুলের ব্যক্তিগত কর্মচারী মোহাম্মদ সাদিকুর রহমান মনির, জব ব্যাংক ইন্টারন্যাশনালের ম্যানেজার গোলাম মোস্তফা, জেসমিন প্রধানের মালিকানাধীন কম্পানি জেডাব্লিউ লীলাবালী ও কাজী বদরুল আলম লিটন। এছাড়া এ মামলায় অজ্ঞাতপরিচয় আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।
এর আগে ২২ ডিসেম্বর রাজধানীর পল্টন থানায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার (অর্গানাইজ ক্রাইম) আলামিন বাদী হয়ে পাপুল, তার শ্যালিকা ও মেয়েসহ ৮ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলাটি দায়ের করেন।
আসামিদের বিরুদ্ধে অভিযোগ, আসামিরা মানবপাচারকারী চক্র। তারা বিভিন্ন সময় ৩৮ কোটি ২৩ লাখ ৪০ হাজার ৫৬৭ টাকা অবৈধভাবে আয় করেছেন। যার সঙ্গে পাপুল ও তার মেয়ের প্রতিষ্ঠান জড়িত বলে অভিযোগে উল্লেখ করেন।