পাপুলের স্ত্রী-মেয়ের জামিনের বিরুদ্ধে আবেদন জানাবে দুদক

1অর্থ ও মানবপাচারের দায়ে কুয়েতের কারাগারে বন্দি লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী সহিদুল ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও তার মেয়ে ওয়াফা ইসলামকে বিচারিক আদালতের দেওয়া জামিন আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন জানাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২৭ ডিসেম্বর) দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার বিকালে তারা বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে সে আবেদনের শুনানি নিয়ে পাপুলের স্ত্রী ও মেয়েকে জামিন দেন ঢাকা মহানগরের সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ।
গত ২৬ নভেম্বর অবৈধ সম্পদ অর্জন ও টাকা পাচারের অভিযোগের মামলায় কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী শহিদুল ইসলাম পাপুলের স্ত্রী সংসদ সদস্য সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলাম হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন।
পরে হাইকোর্ট তাদের আত্মসমর্পণ করতে ১০ দিনের সময় দেয়। তবে নিম্ন আদালতের অবকাশকালীন ছুটির কারণে তারা তা করতে পারেননি। তাই সময় চেয়ে তারা হাইকোর্টে আবেদন জানান। সেই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট তাদের আত্মসমর্পণে ২৮ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিলেন।
গত ১১ নভেম্বর দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে দুই কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ ও ১৪৮ কোটি টাকার অর্থ পাচারের অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম পাপুল, তার স্ত্রী সংরক্ষিত আসনের এমপি সেলিনা, মেয়ে ওয়াফা ইসলাম এবং শ্যালিকা জেসমিন প্রধানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় আগাম জামিন চেয়ে তারা হাইকোর্টে আবেদন জানান।
প্রসঙ্গত, অর্থ ও মানবপাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতার হন সংসদ সদস্য শহিদুল ইসলাম পাপুল। বর্তমানে তিনি কুয়েতের কারাগারেই আছেন। গত ২৬ ফেব্রুয়ারি পাপুলের বিরুদ্ধে মানবপাচারসহ জ্ঞাত আয়বহির্ভূত উপায়ে শত শত কোটি টাকা অর্জন করে হুন্ডির মাধ্যমে বিদেশে টাকা পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।