রিমান্ড শেষে কারাগারে চীনের দুই নাগরিক

1রাজধানীর তুরাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় নকল সিঙ্গার ও বাটারফ্লাইয়ের সেলাই মেশিনসহ গ্রেফতার চীনের দুই নাগরিককে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (২৮ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর)শাখা থেকে এ তথ্য জানা গেছে।
এদিন আসামিপক্ষের আইনজীবী শাহ আলম জামিন আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন হাও জিয়াওপিং ওরফে বব হাও এবং সু উইন
এর আগে গত ২২ ডিসেম্বর বিকালে রাজধানীর তুরাগ থানা এলাকার দিয়াবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থাকে ৫৮৫টি নকল সিঙ্গার সেলাই মেশিন। এছাড়া ১১০০ পিস বাটারফ্লাই সেলাই মেশিনে জব্দ করা হয়। যার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।