শুক্রবার (১ জানুয়ারি) বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, গত ডিসেম্বরে সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৮২ জন চোরাচালানিকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৭৩ জন বাংলাদেশি নাগরিক এবং আট জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১০ লাখ ২৬ হাজার ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০ হাজার ১৩ বোতল ফেনসিডিল, ২১ হাজার ৭৪৭ বোতল বিদেশি মদ, এক হাজার ৪০৮ ক্যান বিয়ার, এক হাজার ৪২৩ কেজি গাঁজা, ছয় কেজি ২ গ্রাম হেরোইন, ১১ হাজার ৯৮টি উত্তেজক ইনজেকশন, ১৮ হাজার ৪৮৫টি এ্যানেগ্রা-সেনেগ্রা ট্যাবলেট এবং ১২ লাখ ৬৯ হাজার ২৬৫টি অন্যান্য ট্যাবলেট।
জব্দকৃত অন্যান্য চোরাচালানের মধ্যে রয়েছে ১২ কেজি ৯৭৭ গ্রাম সোনা, ১৪ কেজি ৩৪৪ গ্রাম রুপা, এক হাজার ৩৩টি ইমিটেশনের গহনা, ৫৪ হাজার ৩০৪টি কসমেটিক্স সামগ্রী, পাঁচ হাজার ৯৫৪টি শাড়ি, ৬৬৩টি থ্রিপিস-শার্টপিস, তিন হাজার ৪৬৮টি তৈরি পোশাক, ৩৪৩ মিটার থান কাপড়, পাঁচ হাজার ১৯৮ ঘনফুট কাঠ, তিন হাজার ৭৯২ কেজি চা পাতা, দুই হাজার ৬১০ কেজি কয়লা, একটি ট্রাক, ১২টি প্রাইভেটকার, আটটি পিকআপ, ২১টি সিএনজি চালিত অটোরিকশা এবং ৮৮টি মোটরসাইকেল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি পিস্তল, ১৪টি বন্দুক এবং ৯৫৯ রাউন্ড গুলি।