মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

রাজধানী হাজারীবাগ থানা এলাকায় মেয়েকে ধর্ষণের অভিযোগে করা মামলায় বাবা আক্তার সরদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার( ৭ ফেব্রুয়ারি ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক সামছুন্নাহার এ আদেশ দেন। কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকার অর্থদণ্ডের আদেশ দেন, অনাদায়ে আরও ৬ মাসের কারাভোগের আদেশ দেন।

এদিন রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়৷ রায় ঘোষণা শেষে তাকে সাজা পরোয়ানায় দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৮ সালের ১৫ এপ্রিল ভিকটিমের মা পাশের বাসায় শবে বরাতের নামাজ পড়তে গেলে বাবা আক্তার সরদার সাত বছরের শিশুটিকে ধর্ষণ করে। এ ঘটনার ওই বছরের ৫ মে শিশুটির মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে হাজারীবাগ থানা একটি ধর্ষণ মামলা দায়ের করেন । পরে ওই দিন তাকে পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠালে আসামি আক্তার সরদারের মেয়েকে ধর্ষণের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এরপর ওই বছরের ১৪ নভেম্বর আক্তারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে হাজারীবাগ থানা পুলিশ। ২০১৯ সালের ৪ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এ মামলায় মোট ৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।