যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে পুলিশ বাহিনী অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, জঙ্গিবাদ দমনে পুলিশ তাদের দক্ষতা দেখিয়েছে। বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে পুলিশ জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রেখেছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রাজারবাগ পুলিশ লাইন্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জঙ্গিবাদ দমনের সফলতার কারণে আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হয়েছে তারা। এছাড়া বাংলাদেশ পুলিশ এখন সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় সুসংগঠিত একটি বাহিনী বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ২০২০ সালের মার্চে যখন কোভিডের শুরু হয়, তখন আমরা জানতাম না কীভাবে এই করোনাকে মোকাবিলা করতে হবে। তখন শুধুমাত্র প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করে আসছিলাম। অথচ সারা বিশ্ব যখন করোনা মোকাবিলায় ব্যতিব্যস্ত, তখন বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। কোভিডের আক্রমণ যখন শুরু হলো, মানুষ মারা যেতে শুরু করল, তখন আমরা দেখলাম ভিন্ন পুলিশকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব মোস্তাফা কামাল উদ্দীন ও পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ। এছাড়া বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা ছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।