ক্যাসিনোকাণ্ডে জড়িত আলোচিত দুই ভাই গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক ওরফে এনু ও সাধারণ সম্পাদক রূপনসহ ১২ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনের মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন বাদী র্যাবের ওয়ারেন্ট অফিসার মোকলেসুর রহমান।
সোমবার (২২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেনের আদালত তার সাক্ষ্য গ্রহণ করেন। এরপর তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। জেরা শেষ হওয়ার পর সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৫ মার্চ দিন ধার্য করেন আদালত।
সংশ্লিষ্ট আদালতের বেন্স সহকারী মো. মতিয়ার রহমান এসব তথ্য জানান।
গত ২৬ জানুয়ারি ওয়ারি থানার মামলায় এনু ও রূপনসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
মামলার অপর আসামিরা হলেন—হারুন উর রশিদ ওরফে হারুন, শেখ সানি মোস্তফা, তুহিন মুন্সি, নবীর হোসেন শিকদার, সাইফুল ইসলাম, জয় গোপাল সরকার, পাভেল রহমান, শহিদুল হক ভূঁইয়া, রফিকুল হক ভূঁইয়া ও মেরাজুল হক ভূঁইয়া।
উল্লেখ্য, ২০১৯ সালের সেপ্টেম্বরে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও অর্থ জব্দের পর তাদের বিরুদ্ধে দায়ের করা ৯টি মানিলন্ডারিং আইনে দায়ের হওয়া মামলা তদন্তের দায়িত্ব পায় সিআইডি। ৯টির মধ্যে চারটির এজাহারে এই দুই জনের নাম রয়েছে। এরপর তাদের ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে সম্পত্তির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। তাছাড়াও দুই জনের মোট ২২টি জমি ও বাড়ি রয়েছে, যার অধিকাংশই পুরান ঢাকাকেন্দ্রিক। সারাদেশে ব্যাংকের বিভিন্ন শাখায় ৯১টি অ্যাকাউন্টে তাদের মোট ১৯ কোটি টাকা জমা রয়েছে। ব্যক্তিগত পাঁচটি গাড়িও রয়েছে তাদের।