ব্যাংক এশিয়ার নারী কর্মকর্তা কারাগারে

গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ব্যাংক এশিয়ার চাকরিচ্যুত নারী কর্মকর্তা সিলভিয়া আক্তার রিনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, সোমবার (২২ ফেব্রুয়ারি) আদালতে এসে আত্মসমর্পণের পর আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন সিলভিয়া আক্তার রিনি। অপর দিকে দুদক তার জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে আগামী ২ মার্চ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সিলভিয়া আক্তার রিনি রাজধানীর দিলকুশা শাখায় ২০১২ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত সঞ্চয়পত্র সংক্রান্ত কাজে নিয়োজিত ছিলেন। তিনি সঞ্চয়পত্রের ৪৫৪টি লেনদেনের মাধ্যমে গ্রাহকদের সুদের মোট ৪ কোটি ৪৫ লাখ ৯৯ হাজার ৫২০ টাকা নগদ ও হিসাবে স্থানান্তরের মধ্যে আত্মসাৎ করেন। এর মধ্যে ৪৩৭টি নগদ লেনদেনের মাধ্যমে ৩ কোটি ১৮ লাখ ৩৮ হাজার ৯২০ টাকা ও ১৭টি অ্যাকাউন্ট ট্রান্সফারের মাধ্যমে এক কোটি ২৭ লাখ ৬০ হাজার ৬০০ টাকা অতিরিক্ত তুলে নেন। এর মধ্যে অ্যাকাউন্ট ট্রান্সফারের টাকা দিলকুশা শাখা আদায় করতে সক্ষম হয়। কিন্তু নগদ তুলে নেওয়া অর্থ তার কাছ থেকে আদায় করা যায়নি।

এর আগে গত ১৯ জানুয়ারি ব্যাংক এশিয়ার দিলকুশা শাখার সাবেক এক্সিকিউটিভ অফিসার সিলভিয়া আক্তার রিনিকে একমাত্র আসামি করে দুদকের উপ-পরিচালক সৈয়দ তাহসিনুল হক মামলাটি করেন।