ময়ূর-২ লঞ্চের মালিকসহ ১১ জনের বিরুদ্ধে চার্জশিট

বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির মামলায় ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হামিদ ছোয়াদসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা সদরঘাট নৌ-থানার এসআই শাহিদুল আলম ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এই চার্জশিট দাখিল করেন।

ময়ূর-২ লঞ্চের মালিকসহ চার্জশিটভুক্ত আসামিরা হলেন—লঞ্চের মাস্টার আবুল বাশার মোল্লা, সহকারী মাস্টার জাকির হোসেন, চালক শিপন হাওলাদার, শাকিল হোসেন সিপাই, সুকানি নাসির মৃধা, গ্রিজার হৃদয় হাওলাদার, সুপারভাইজার আব্দুস সালাম, সেলিম হোসেন হিরা, আবু সাঈদ ও দেলোয়ার হোসেন সরকার।

উল্লেখ্য, ২০২০ সালের ২৯ জুন সকালে ঢাকা-চাঁদপুর রুটে চলাচলকারী ‘ময়ূর-২’ নামে একটি লঞ্চের ধাক্কায় ঢাকা-মুন্সীগঞ্জ রুটে চলাচলকারী লঞ্চ ‘মর্নিং বার্ড’ ডুবে যায়। এই ঘটনায় ৩৪ জন যাত্রী মারা যান। পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দণ্ডবিধির ২৮০, ৩০৪ (ক), ৪৩৭ ও ৩৪ ধারায়  ‘ময়ূর-২’ লঞ্চের মালিকসহ ছয় জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।