আইনে বিধান না থাকার পরও এক শিশুকে সশ্রম কারাদণ্ড দেওয়ায় যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারককে শোকজ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই ঘটনায় তাকে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি শিশুটির জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১০ মার্চ) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত এ আদেশ দেন।
আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষে আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন বাপ্পী।
এর আগে ২০০৩ সালের ৯ মার্চ যশোরের ঝিকরগাছা থানার বাকঁড়াবাজার এলাকার টিক্কার দোকানের সামনে কালো ব্যাগে বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ এক শিশুকে গ্রেফতার করে পুলিশ। পরে ওই শিশুর বিরুদ্ধে বিস্ফোরক আইনে ঝিকরগাছা থানায় মামলা হয়।
ওই মামলায় ২০১৯ সালের ২১ নভেম্বর শিশুকে দুটি ধারায় তিন বছর এবং আরেকটি ধারায় দুই বছর করে তাকে মোট ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক। তবে শিশুদের বিচারের ক্ষেত্রে সশ্রম কারাদণ্ডের বিধান না থাকায় শিশুটি কারাগারে থেকে হাইকোর্টে জেল আপিল দায়ের করে। আদালত ওই আপিলের শুনানিকালে উপরোক্ত আদেশ দেন।