র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নতুন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) হিসেবে যোগদান করেছেন কর্নেল কে এম আজাদ। মঙ্গলবার (১৬ মার্চ) নতুন কর্মস্থলে দায়িত্ব নিয়েছেন তিনি। এর আগে গত ৯ মার্চ তিনি সেনাবাহিনী থেকে র্যাবে যোগদান করেন। তিনি কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ারের স্থলাভিষিক্ত হলেন।
র্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদ্য যোগ দেওয়া কর্নেল কে এম আজাদ ৩২তম বিএমএ লং কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও সংস্থার গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি কর্নেল পদবিতে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার (বীর)-এর ব্যাটালিয়নের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া কর্নেল আজাদ একটি পদাতিক ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও সেনা সদরের সামরিক গোয়েন্দা পরিদফতরের স্টাফ অফিসার, স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস-এর প্রশিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর একজন চৌকস অফিসার হিসেবে তিনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশন কঙ্গোতে মিলিটারি অবজারভার এবং জাতিসংঘ শান্তিরক্ষী মিশন আইভরি কোস্ট, ব্যানবাট-৩-এ কর্মরত ছিলেন।