মাদক মামলায় যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক ‘ক্যাসিনো’ খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হয়নি।এদিন আদালতে সাক্ষী হাজির না হওয়ায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৬ মে দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (২৪ মার্চ ) ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালত এ আদেশ দেন।
এর আগে গত বছরের ১০ ফেব্রুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ খালেদের বিরুদ্ধে দেওয়া মাদক মামলার অভিযোগপত্র আমলে নিয়ে মামলার বদলির আদেশ দেন। একই সঙ্গে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে মামলাটির বদলির আদেশ দেন। গত বছরের ২৬ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করেন। ২০১৯ সালের ১৭ নভেম্বর খালেদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে র্যাব।
প্রসঙ্গত, রাজধানীর ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাবে ক্যাসিনো চালানোর অভিযোগে ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর রাতে গুলশান থেকে খালেদ মাহমুদ ভূঁইয়াকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। এসময় তার বাসা থেকে একটি অবৈধ পিস্তল, ছয় রাউন্ড গুলি, ২০১৭ সালের পর থেকে নবায়ন না করা একটি শটগান ও ৫৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরদিন দুপুরে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। ওই দিনই র্যাব-৩ এর ওয়ারেন্ট অফিসার গোলাম মোস্তফা বাদী হয়ে গুলশান থানায় অস্ত্র, মাদক ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেন।