জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ও এর আশপাশের এলাকায় সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে প্রায় ৪০ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল-ঢামেকে চিকিৎসা নিচ্ছেন। কেউ কেউ প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছেন।
শুক্রবার (২৬ মার্চ) জুমার নামাজের পর বায়তুল মোকাররমে মুসল্লি-ছাত্রলীগ-যুবলীগ ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সাংবাদিক, পথচারী, আওয়ামী লীগের অঙ্গসংগঠনের কর্মী, মুসল্লি, রিকশাচালক রয়েছেন। ইটপাটকেল, লাঠির আঘাত, ছররা গুলিরসহ বিভিন্ন ধরনের আঘাতের চিহ্ন রয়েছে আহতদের শরীরে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক (ওসি) বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বায়তুল মোকাররমে সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তি ঢামেকে চিকিৎসা নিয়েছেন। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। কয়েকজন ভর্তি রয়েছেন। তার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।’