পুরনো ঢাকায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষে অনন্ত (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। সোমবার (২৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে পুরনো ঢাকার সূত্রাপুরের লালকুঠি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে।
ঘটনার বর্ণনা দিয়ে আহত আরেক কিশোর সাজু জানায়, স্থানীয় মিল ব্যারাক এলাকার মুন্না ও আকাশের নেতৃত্বে একটা কিশোর গ্রুপ রয়েছে। ওই গ্রুপের ফেরদৌস ও আলামিনের সঙ্গে অনন্ত ও সাজুর ঝগড়া হয়। এ ঘটনার জেরে সোমবার রাত সাড়ে ১০টার দিকে মিল ব্যারাক লালকুঠির ঘাটে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ সময় পেটে একাধিক ছুরিকাঘাতে অন্তর গুরুতর আহত হয়। পরে দ্রুত ঢামেকে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ছুরিকাঘাতে আহত সাজু ও সোহেল ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, নিহত অনন্ত স্থানীয় জুবলী স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। দুই ভাইয়ের মধ্যে অনন্ত ছোট। পুরান ঢাকার মিল ব্যারাকের কাগজীটোলায় পরিবারের সঙ্গে থাকতো সে।
এ বিষয়ে ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের এসআই মোহাম্মদ খান জানান, কিশোর গ্যাংয়ের মধ্যে বিরোধে অনন্ত খুনের ঘটনা ঘটেছে। তবে খুনিদের কেউ গ্রেফতার হয়নি।