রাজধানীর গাবতলী এলাকা থেকে ৫৮০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৪ এর সদস্যরা। এসময় তাদের একটি পিকআপভ্যানও জব্দ করা হয়। মঙ্গলবার (৩০ মার্চ) সকালে র্যাব-৪ অধিনায়ক মোজাম্মেল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৯ মার্চ সন্ধ্যায় র্যাব-৪ এর একটি দল ঢাকা মহানগরীর দারুস সালামের গাবতলী এলাকায় অভিযান পরিচালনা করে ৫৮০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে।
গ্রেফতার দু'জন হলো নারায়ণগঞ্জের মো. হানিফ (৪৫) ও মো. তমাল হোসেন (৩০)। তাদের একজন পিকআপচালক এবং অপরজন সহযোগী। তাদের পিকআপটিও জব্দ করা হয়েছে। গ্রেফতার দু'জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে পিকআপের মাধ্যমে কাঁচামাল ও আসবাবপত্র পরিবহনের আড়ালে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করতেন।