হেফাজতের কার্যক্রম নিয়ে ফেসবুকে উসকানিমূলক ভিডিও, একব্যক্তি রিমান্ডে

হেফাজতে ইসলামের কার্যক্রম নিয়ে ফেসবুকে উসকানিমূলক ভিডিও ও বক্তব্য প্রচারের অভিযোগে পল্টন থানার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় মো. নেয়ামতুল্লাহ নামের এক ব্যক্তির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

শনিবার (২৪ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসির  আদালতে মামলায় তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মুহাম্মদ নুরুল্লাহ আসামি নেয়ামতুল্লাহকে হাজির করেন। এরপর মামলায় সুষ্ঠু তদন্তের স্বার্থে  তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহারে বলা হয়, আসামি নেয়ামতুল্লাহ তার ফেসবুক আইডি থেকে পুলিশের ছবি ও  হেফাজতের চলমান কার্যক্রম নিয়ে উসকানিমূলক বক্তব্যসহ ভিডিও পোস্ট করেন। এর ফলে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি  ও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।