বরিশালে সাবেক স্ত্রীকে তুলে নিয়ে নগ্ন ভিডিও ধারণ করে প্রতারণার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ইয়ার হোসেন নামের অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সদর দফতারের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি সোহেল রানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে একজন ভিকটিম অভিযোগ করেন, তিনি বরিশালের বানারীপাড়ার বাসিন্দা। বিয়ে করেন একই এলাকার ইয়ার হোসেনকে। বিয়ের পর ইয়ার হোসেনের অত্যাচার সহ্য করতে পারছিলেন না তিনি। তাই, বাধ্য হয়ে তাকে ডিভোর্স দেন। সে তা মেনে নিতে পারছিল না। তাই, ওই নারীকে একদিন বরিশাল জেলখানার মোড় থেকে জোর করে তুলে নিয়ে যায় ইয়ার হোসেন। তুলে নিয়ে তার হাত পা বেঁধে নিপীড়ন করে সে। নগ্ন ছবি ধারণ করে এবং তা দিয়ে হয়রানি ও ব্ল্যাকমেইলের চেষ্টা করে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরে পুলিশ সদরদফতরের সহায়তায় ওই নারীর বার্তাটি বরিশালের বানারীপাড়া থানার ওসিকে দেওয়া হয় এবং এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে ওই ব্যক্তিকে থানায় ডাকা হয়। নারীকেও উপস্থিত থাকতে বলা হয়। ওই গহবধূর অভিযোগের বিপরীতে অভিযুক্তের বক্তব্য শোনা হয়। বক্তব্য সন্তোষজনক মনে না হওয়ায় এবং অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ায় অভিযুক্তকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করে পুলিশ। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এই বিষয়ে সন্তোষ প্রকাশ করে ওই নারী পুলিশকে লিখেছেন, ‘আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য আমি সঠিক বিচার পেয়েছি। আপনাদের ঋণ শোধ করার সাধ্য আমার নেই, কিন্তু আপনাদের জন্য দোয়া করবো।’