গায়ে আগুন ধরিয়ে শিশু গৃহকর্মীর আত্মহত্যার চেষ্টা!

.রাজধানীর রমনার একটি অ্যাপার্টমেন্ট বাসায় জবা (১০) নামে এক শিশু গৃহকর্মী নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। বাড়ির মালিকও দাবি করেছে গৃহপরিচারিকা নিজে গায়ে আগুন দিয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সিদ্ধেশ্বরীর দশতলা একটি ভবনের অষ্টম তলার ৫/এ ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মোজাম্মেল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিশুটিকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। জবা ঢামেক হাসপাতালের পুলিশদের জানিয়েছে, সে নিজের গায়ে নিজেই সকালে আগুন দিয়েছে। ওই বাসার অন্যান্য বাচ্চারা তাকে অনেক কষ্ট দিত বলে সে এ কাজ করেছে।
বাংলা ট্রিবিউনের ঢামেক হাসপাতাল প্রতিনিধি ঘটনাস্থল থেকে জানান, জবাকে শুক্রবার দুপুর ১২টার দিকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছে, তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। সে যে বাসায় কাজ করতো, তার মালিক একজন ব্যবসায়ী। তার নাম মোহাম্মদ কল্লোল। শিশুটি নিজের গায়ে কেন আগুন দিল তার সদুত্তর দিতে পারেননি তিনি।

দগ্ধ জবার বাবার নাম জাহাঙ্গির হোসেন। গ্রামের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার আধাপাড়া এলাকায়। এবিষয়ে রমনা থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার কিছু জানেন না বলে জানিয়েছেন।

 

/এআরআর/এফএ/আপ-এনএস/