সেই নির্যাতনকারীর জামিন হলেও মুক্তি মিলছে না

পুরান ঢাকার বংশালে এক রিকশাওয়ালাকে চড়-থাপ্পড় মেরে নির্যাতনের অভিযোগে আটক করা নির্যাতনকারী সুলতান আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। তবে রিকশাচালক আব্দুল হামিদ মামলা করায় সুলতান আহমেদ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন জিআর শাখা থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (১৯ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকি বিল্লাহর আদালত বংশাল থানার প্রসিকিউশন মামলায় সুলতান আহমেদের জামিন মঞ্জুর করেন। তবে এদিনই ভুক্তভোগী রিকশাচালক আবদুল হামিদ বাদী হয়ে সুলতান আহমেদের বিরুদ্ধে বংশাল থানায় মারধর ও ভয়ভীতির অভিযোগে একটি মামলা দায়ের করেন। তাই জামিন হলেও এই মামলা হওয়ার কারণে সে মুক্তি পাচ্ছে না।

অন্যদিকে বুধবার ভুক্তভোগী রিকশাচালক আবদুল হামিদের করা মামলার এজাহার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত গ্রহণ করেন। এরপর মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ জুন দিন ধার্য করেন।

এর আগে ৪ মে দুপুরের পর একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সেখান দেখা যাচ্ছে, এক লোক রিকশাওয়ালাকে চড়-থাপ্পড় মারছেন। এক পর্যায় দেখা যায় রিকশাচালক মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের মানুষ এসে নির্যাতনকারী লোককে থামানোর চেষ্টা করেন। পরবর্তীকে ভাইরাল ভিডিও দেখে ওই লোককে আটক করে পুলিশ।