রাজধানীর দক্ষিণখানে সরদারবাড়ি জামে মসজিদের ভেতরে যুবক আজহারুলকে কুপিয়ে হত্যার ঘটনায় তার স্ত্রী আসমা আক্তার এবং ওই মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানা গেছে।
রবিবার (৩০ মে) মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ড চলাকালে দুই আসামিকে আদালতে হাজির করেন। এরপর আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার জন্য আবেদন করা হয়। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালত আসামি আসমা আক্তার ও ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের আদালত আব্দুর রহমানের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এর আগে গত ২৬ মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত তাদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এই হত্যা মামলায় গত ২৫ মে দিনের বেলায় মসজিদের ইমাম আব্দুর রহমানকে, ওইদিন রাতে রাজধানীর আব্দুল্লাহপুর থেকে আজহারের স্ত্রী আসমা আক্তারকে গ্রেফতার করে র্যাব।
জানা গেছে, আজহারের ছেলে মসজিদের মক্তবে পড়তো এবং আজহার নিজেও ইমাম আব্দুর রহমানের কাছে কোরআন পড়া শিখতেন। এ সুবাদে আজহারের বাসায় যাতায়াত ছিল ইমামের। এরই মাঝে আজহারের স্ত্রী আসমার সঙ্গে আব্দুর রহমানের প্রেমের সম্পর্ক হয়। পরে বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেন আজহার। এতে ইমাম আব্দুর রহমান ক্ষিপ্ত হয়ে মসজিদের ভেতরে নিজে কক্ষে আজহারকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে লাশ টুকরো টুকরো করে সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখে। এ ঘটনায় আজহারের ছোট ভাই মো. হাসান দক্ষিণখান থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন: