নৃত্যশিল্পী ইভানের বিরুদ্ধে মানবপাচার মামলায় প্রতিবেদন ১৫ জুলাই

জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের বিরোদ্ধে মানবপাচার আইনে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন পেছালো। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ জুলাই পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২৯ জুন) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াছমিন আরার আদালত নতুন এ দিন ধার্য করেন।

গেল বছর ১০ সেপ্টেম্বর রাতে রাজধানীর নিকেতন থেকে ইভান শাহরিয়ার সোহাগকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সেসময় সংস্থাটির উপ-পরিদর্শক কামরুজ্জামান জানান, দুবাই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে মানবপাচারকারী চক্রের মূলহোতা আজম খান এবং তার চার সহযোগীকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নৃত্যশিল্পী সোহাগকে গ্রেফতার করা হয়েছে।

সিআইডি সূত্র জানায়, এই চক্রটি মূলত দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ড্যান্স বারে চাকরি দেওয়ার কথা বলে নারীপাচার করতো। দুবাইয়ে আজম খানের নিজস্ব হোটেল ও ড্যান্স বার রয়েছে। দেশে বিভিন্ন অনুষ্ঠানে যারা নাচ-গান করে তাদের অধিক আয়ের প্রলোভন দেখিয়ে পাচার করা হতো। সেখানে নিয়ে নৃত্যশিল্পীদের যৌনকর্মে বাধ্য করা হতো।

সিআইডি আরও জানায়, গত ২ জুলাই আজম খান ও তার সহযোগীদের বিরুদ্ধে মানবপাচার আইনে একটি মামলা দায়ের করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মৃণাল কান্তি দাশ। ইভান শাহরিয়ার সোহাগকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

উল্লেখ্য, ইভান শাহরিয়ার সোহাগ নিজের নামে (সোহাগ ড্যান্স ট্রুপ) একটি ড্যান্স কোম্পানি পরিচালনা করেন। বিভিন্ন করপোরেট অনুষ্ঠানের নাচে অংশ নেয় তার দল। ২০১৭ সালে নির্মিত ‘ধ্যাততেরিকি’ নামে একটি সিনেমায় নৃত্যপরিচালনার জন্য ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।