সরিষার আড়ালে নিষিদ্ধ পপির বীজ আমদানিতে জড়িত চক্রের অন্যতম সদস্য অখিল চন্দ্রকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার (৩০ জুন) সিআইডির এলআইসির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
চট্টগ্রাম কাস্টমস হাউজ কর্তৃপক্ষ গত ১ জুন এ ব্যাপারে বন্দর থানায় একটি মামলা করে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, আজমাইন ট্রেড সেন্টার সরিষা বীজ আমদানির লাইসেন্সের আওতায় ঘোষিত ৫৪ টন সরিষা বীজের আড়ালে ১২ টন সরিষা বীজ এবং আমাদানি নিষিদ্ধ ৪২ টন পপি বীজ (যার আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা) আনলে চট্টগ্রাম কাস্টমস তা জব্দ করে।
সিআইডি’র এলআইসির একটি দল মামলার দুই নম্বর আসামি সিএন্ডএফ এজেন্ট হটলাইন কার্গো ইন্টারন্যাশনালের স্বত্ত্ববাধিকারী অখিল চন্দ্র মন্ডলকে গ্রেফতার করে। মামলার অপর আসামিকে গ্রেফতারের তৎপরতা অব্যাহত আছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
উল্লেখ্য, পপি বীজ থেকে গাছ জন্মায়। পপি গাছের ফুলের নির্যাস থেকে আফিম তৈরি করা হয়। আফিমকে থেকে হিরোইন, মরফিন, কোডিনসহ বিভিন্ন মাদক তৈরি করা যায়।