কদমতলীতে মারধর করে আড়াই লাখ টাকা ছিনতাই!

ছিনতাইরাজধানীর কদমতলীর গ্যাস রোডে মারধর করে আড়াই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন মুরাদ হোসেন (২০) নামে এক এনজিও কর্মী। তিনি সরকারি কবি নজরুল কলেজের এক ছাত্র। আহত ওই ছাত্রকে মঙ্গলবার রাতে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। এ ঘটনায় কামাল নামের একজনকে আটক করেছে পুলিশ।
আহতের ভগ্নিপতি রায়েরবাগের চারুলতা সঞ্চয় ঋণদান সমবায় সমিতি নামের একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ ইব্রাহীম জানান,  তার ওই সমিতি থেকে কদমতলী গ্যাস রোডের সাত তলা সংলগ্ন চায়ের দোকানের মালিক কামাল ঋণ নিয়েছিলেন। ঋণ পরিশোধের পর গ্রাহক হিসেবে জমা দেওয়া টাকা বাবদ ৬ হাজার টাকা কামালের পাওনা ছিল। একপর্যায়ে মঙ্গলবার রাতে ওই সমিতির আরিফ নামের একজনকে পেয়ে আটকে রাখে কামাল। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে মুরাদ, মুরাদের বোন খাদিজা আক্তার ও ভগ্নিপতি ইব্রাহীম সেখানে যান। এ সময় কামাল ও মাহবুবসহ ১০-১৫ জন মিলে মুরাদ ও তার ভগ্নিপতিকে মারধর করে এবং তার বোন খাদিজাকে লাঞ্ছিত করে সাথে থাকা আড়াই লাখ টাকা নিয়ে যায় বলেও অভিযোগ করেন ইব্রাহীম।
কদমতলী থানার ওসি ওয়াজেদ জানান, এ ঘটনায় কামালকে আটক করা হয়েছে। আর আহতদের কাছে আড়াই লাখ টাকা ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
/এআরআর/এফএস/