স্বপ্ন সুপার শপের ১৮ লাখ টাকা মূল্যের ডিজিটাল ভাউচার ও জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগে আটক তিন জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আসামিরা হলেন‑ মো. নাসিমুল ইসলাম, রেহানুর হাসান রাশেদ ও রাইসুল ইসলাম।
রবিবার (৮ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত রিমান্ডের আদেশ দেন।আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।
এদিন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত প্রত্যেকের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শনিবার (৭ আগস্ট) রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের তিনজনকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি দল। এ সময় তাদের কাছ থেকে হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত ছয়টি মোবাইল সেট, দুটি ল্যাপটপ, একটি সিপিইউ, ক্রিপ্টোকারেন্সি, নগদ টাকা, ইলেকট্রনিক কার্ড ও ‘স্বপ্ন’ ই-ভাউচারের মাধ্যমে কেনা বিপুল পরিমাণ পণ্য সামগ্রী জব্দ করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশি প্রথম সারির এয়ারলাইন্স, সুপারশপ, ফ্রিল্যান্সারডটকমসহ দেশি-বিদেশি একাধিক ওয়েবসাইট হ্যাক করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এই হ্যাকার চক্রটি। কেবল ‘স্বপ্ন’র ডিজিটাল সিস্টেম হ্যাক করে তারা ১৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।