ভুঁইফোড় সংগঠনের সভাপতি দর্জি মনির রিমান্ড শেষে কারাগারে

আওয়ামী লীগের নাম ভাঙিয়ে গড়ে তোলা ভুঁইফোঁড় সংগঠন ‘বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদে’র প্রতিষ্ঠাতা সভাপতি মো. মনির খান ওরফে দর্জি মনিরকে ৪ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৯ আগস্ট ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর আদালত এই আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগের পুলিশ পরিদর্শক মুহাম্মদ সাইফুল ইসলাম আসামিকে রিমান্ড শেষে আদালতে হাজির করেন। এরপর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী এডভোকেট আমানুল করিম লিটন জামিনের জন্য আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, বুধবার (৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালত দর্জি মনিরের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৩ আগস্ট) দর্জি মনিরের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় ঈসমাইল হোসেন নামে এক ব্যক্তি মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, মনির এবং তার সহযোগীরা ঢাকা মহানগরীতে এবং বিভিন্ন জেলা-উপজেলায় বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদের কমিটি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে টাকা নেয়। সে তার সংগঠনের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়সহ বিভিন্ন চাকরি দেওয়া এবং পদায়নের জন্য অনেক লোকজনের কাছ থেকে টাকা আদায় করেছে।

আরও পড়ুন: ভুঁইফোড় সংগঠনের সভাপতি ‘দর্জি মনির’ ৪ দিনের রিমান্ডে