এজলাসে প্রবেশ নিয়ে পুলিশের সঙ্গে সাংবাদিকদের হট্টগোল

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে দায়ের করা মামলায় সংবাদ সংগ্রহের জন্য আদালতের এজলাসে প্রবেশ করা নিয়ে পুলিশের সঙ্গে আদালতে কর্তব্যরত সাংবাদিকদের হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সপ্তম তলায় ১৫ নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে চিত্রনায়িকা পরীমণিকে হাজির করা হয়। এ সময় আদালতের কর্তব্যরত সাংবাদিকরা এজলাসে ঢুকতে গেলে তাদের বাঁধা দেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার (এসি) মুহিদসহ দায়িত্বরত পুলিশ সদস্যরা। এ নিয়ে দু’পক্ষের মধ্যে শুরু হয় হট্টগোল ও হাতাহাতি।

হট্টগোলের খবর পেয়ে প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) জাফর আহমেদ টেলিফোনে দায়িত্বরত কর্মকর্তাকে বলেন, ‘সাংবাদিকদের এজলাসে প্রবেশের সুযোগ করে দেওয়ার জন্য। পরে সাংবাদিকরা এজলাসে প্রবেশ করে সংবাদ সংগ্রহ করেন।’

মঙ্গলবার শুনানি শেষে রাজধানীর বনানী থানায় দায়ের হওয়া মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণির ফের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই মামলায় তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকেও দুদিনের রিমান্ডে পাঠিনো হয়েছে।